এসো মিলি প্রাণের স্পন্দনে ফেলে আসা স্মৃতির বন্ধনে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৫
দূর পরবাসেও সেই চিরপরিচিত মুখদের খুঁজে ফিরতে আর ফেলে আসা ক্যাম্পাসের স্মৃতিতে হৃদয়কে রাঙ্গিয়ে দেওয়ার প্রত্যয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল জার্মানির নুরেমবার্গের অদূরে ফুর্ত শহরে। সাস্টিয়ান জার্মানির উদ্যোগে গত ২২ সেপ্টেম্বর দুপুরবেলা জার্মানির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাস্টিয়ানরা সমবেত হন নগরীর 'কিন্ডার উন্ড ইউগেন্ড' হাউসে। 
 
মুখরিত করতালিতে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বর্তমানে ইউরোপিয়ান কমিশনে নিউক্লিয়ার সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ডঃ নিধু লাল বণিক। বিশ্ববিদ্যালয় জীবনের নানা সুখের স্মৃতিচারণ করেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। হালকা নাস্তা আর ধুমায়িত চায়ের কাপে চুমুক দিতে দিতে ক্ষণিকের জন্য সবাই যেন ফিরে যান পুরনো দিনের আড্ডায়। 
 
আয়োজনে নতুন মাত্রা যোগ করে চুমকি পাল ও শামীমা আক্তার সঞ্চির প্রাণবন্ত উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গিটার হাতে তুলে নিয়ে গান পরিবেশন করেন সাস্টের সবাইকে আনন্দিত করেন সানিরুজ্জামান শুভ ও মনোজিৎ গুণ। এছাড়াও মুগ্ধতা ছড়ায় চুমকি পাল ও মৃদুল রায়ের কথানাট্য।
 
অনুষ্ঠানের শেষে ফুর্ত এবং এর আশেপাশে অবস্থানরত সাস্টিয়ানদের উদ্যোগে দেশীয় খাবারের সমাহারে আয়োজিত হয় এক জমজামাট নৈশভোজ।  
 
পুরো অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সি এস ই বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র বিশ্বজিৎ গোস্বামী ও ফরেস্ট্রি নবম ব্যাচের মিজানুর রহমান। সার্বিক সহযোগীতায় ছিলেন, নেয়ামুল হায়াত খসরু সিরাত, আশফাকুল বারী, মাহমুদা আলম, রফিকুল ইসলাম, লাকি সূত্রধর এবং শিপু তালুকদারসহ আরো অনেকে।
 
শাবিপ্রবিতে একই সময়ে পড়াশুনা করে আসা অনেকেই জার্মানিতে নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আবার কেউবা এখনো ছাত্র। দেশ-বিদেশে বিভিন্ন অবস্থানে ছড়িয়ে থাকা সাস্টিয়ানদের মধ্যে আত্মার বন্ধন সুদৃঢ় করে এবং সুখ-দুঃখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সামনে এগিয়ে চলার প্রত্যাশা ব্যাক্ত করে সমাপনী বক্তব্য রাখেন মুনির আহমেদ।
 
ইত্তেফাক/নূহু