ভক্তদের জন্য মাশরাফির ভালোবাসা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৫
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এশিয়া কাপের ১৪ তম আসরের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। এমন দুর্দান্ত অর্জনের পর ভক্তদের ভুলে যাননি মাশরাফি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের ভালোবাসা জানান।

নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, ‘দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে আসলাম। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম, তখন মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলবো দেশের জন্য খেলবো। কিন্তু মাঝ পথে বার বার পা দু’টা সঙ্গ ছেড়ে দিচ্ছিল। যতবার ইনজুরিতে পড়েছি ততবার মনে হয়েছে এবার মনে হয় আর পারব না। কিন্ত যখনি গ্যালারী ভর্তি মানুষের চিৎকার শুনি, তখনি পা দু’টাকে বলি তৈরি হও, কারণ- আমি আবার মাঠে নামবো। যে কোনো প্রাপ্যই অনেক আনন্দের।
আজ আমি ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলাম। এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্য। তাই আপনাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে যেতে চাই আরো অনেকটা পথ। দোয়া করবেন সবাই।’

আন্তর্জাতিক অঙ্গনে ২৫০ উইকেট হলেও বাংলাদেশের জার্সি গায়ে ২৪৯ উইকেট মাশরাফির। অন্য একটি এশিয়া একাদশের হয়ে। দেশের পক্ষে ছাড়াও এশিয়া একাদশের হয়ে ক্যারিয়ারে দু’টি ম্যাচ খেলেছেন তিনি। ওই দু’ম্যাচ থেকে এক উইকেট নেন মাশরাফি। ফলে ওয়ানডে ফরম্যাটে তার সর্বমোট শিকার ২৫০টি।
 
ইত্তেফাক/এসআর