কেসিসির নবনির্বাচিত মেয়র খালেকের দায়িত্ব গ্রহণ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫০
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় কেসিসির প্যানেল মেয়র আনিছুর রহমান বিশ্বাস তার কাছে মেয়রের দায়িত্ব হস্তান্তর করেন।
 
এদিন নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকসহ কেসিসির নির্বাচিত কাউন্সিলর কাছে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে নগর ভবনের নিচতলায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা।
 
অনুষ্ঠানে বক্তব্য দেন- রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান মিজান এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হাকিম।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেগম মন্নুজান সুফিয়ান এমপি, অ্যাডভোকেট নূরুল হক এমপি, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন্নাহার, সাবেক সংসদ সদস্য মোল্লা জালালউদ্দীন, কেসিসির নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ প্রমুখ।
 
উল্লেখ্য, গত ১৫ মে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক প্রায় ৬৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে কেসিসির মেয়র নির্বাচিত হন। গত ৫ জুলাই কেসিসির নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা শপথ গ্রহণ করেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও)  নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান।
 
ইত্তেফাক/বিএএফ