তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় প্রণীত ‘গণমাধ্যমকর্মী আইন’ এবং ‘সম্প্রচার আইন’ জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনে উপস্থাপন করা হবে। এ আইন দুটি পাস হলে যখন তখন চাকরি চলে যাওয়াসহ সাংবাদিকদের যেসব সমস্যা দেখা দেয় সেগুলোর আইনি প্রটেকশন দেওয়া সম্ভব হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি আরো বলেন, আজ বুধবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। কিন্তু এ অধিবেশনে আমরা আইন দুটি উপস্থাপন করতে পারব না। তবে আশা করছি, এর পরের অধিবেশনে আইন দুটি উপস্থাপন করতে পারব।
তথ্যমন্ত্রী বলেন, আর একটা সমস্যা নিউ মিডিয়া-ইউটিউব, ফেসবুক, নেটফ্লিক্স, গুগলে আমাদের দেশের অনেক বিজ্ঞাপন চলে যাচ্ছে, যেগুলো থেকে আমরা কোনো ট্যাক্স পাচ্ছি না। এ বিষয়ে আমি আলোচনা করেছি, এগুলো শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা উদ্যোগ নেব।
