লিবিয়ায় আটকা পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৪
বিভিন্ন সময়ে লিবিয়ায় আটকা পড়া ২৩৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিয়েছে সরকার। ইতোমধ্যে ১৫৭ জনকে দেশে ফেরত আনা হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আইওএম’র সমন্বিত তত্ত্বাবধানে বুধবার দুপুরে একটি ভাড়া করা বিমানে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকীদের খুব শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
১৫৭ জন বাংলাদেশির মধ্যে ১০ জন অসুস্থ ছিলেন যাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে একজন চিকিত্সক পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং ব্যবস্থাপত্র দিয়েছেন। সকলেই ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
 
উল্লেখ্য, লিবিয়ায় সরকার সমর্থক এবং সরকার বিরোধী বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনী বিভিন্ন এলাকার কর্তৃত্ব দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এর ফলে রাষ্ট্রীয়ভাবে সতর্কাবস্থা জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে দূতাবাসের ফেইসবুক পেইজে সকল বাংলাদেশি প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করে সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে যেকোন সময়ে বাংলাদেশি কর্মীদের সহায়তায় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে। 
 
ইত্তেফাক/এমআই