ঢাকার সাংবাদিকদের নিয়ে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের পুনর্মিলনী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৮
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের সংবাদ সংগ্রহে আসা বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে নিউইয়র্কে এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলে এ অনুষ্ঠান আয়োজন করে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব।
 
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক রিজু মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
 
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সেলিম উদ্দিন এমপি, আইটি শিক্ষা প্রতিষ্ঠান পিপল এন টেকের সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, লেখক ও কলামিস্ট ফকির ইলিয়াস প্রমুখ।  
 
এ সময় সেলিম উদ্দিন এমপি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়াতে সুপারিশ উপস্থাপন করে বলেন, সরকারের প্রতি আহ্বান জানিয়েছি পৃথক একটি কমিশন গঠনের, যারা শুধু প্রবাসীদের সমস্যা ও বিনিয়োগ প্রকল্প নিয়ে কাজ করবে। এ দাবি আদায়ে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন তিনি।
IMG0
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি পান্থ রহমান, একুশে টিভির হেড অব ইনপুট ড. অখিল পোদ্দার, এশিয়া টিভির বিশেষ প্রতিনিধি লাবণ্য ভুঁইয়া, গাজী টিভির বিশেষ প্রতিনিধি সাজু রহমান, দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ সংবাদদাতা রফিউল ইসলাম টুটুল, নিউজ টোয়েন্টিফোর টিভির সিনিয়র রিপোর্টার শাহ আলী জয় ও সিনিয়র ক্যামেরা সাংবাদিক ফয়সাল মিল্লাত জামি, বাংলাভিশনের সঞ্জিব আহমেদ, এটিএন বাংলার নিয়াজ জামান সজীব ও আকাশ দে, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন রাসেল ও রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের প্রেসক্লাবের ভাইস-প্রেসিডেন্ট মীর শিবলী, সদস্য ও নির্বাচন কমিশনার আকবর হায়দার কিরণ ও রাশেদ আহমেদ, কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য নিহার সিদ্দিকী, কানু দত্ত ও আজিমউদ্দিন অভি, সদস্য মিজানুর রহমান, মিশুক সেলিম, আনিসুল কবীর জাসির, শাহাদৎ হোসেন সবুজ, লিটু রহমান, তপন চৌধুরী, পপি চৌধুরী, আমজাদ হোসেন, সুজন আহমেদ প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ