বার্সেলোনার দেখানো পথে হাটলো রিয়াল মাদ্রিদও। পয়েন্ট টেবিলের তলানির দল লেগানেসের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে মেসি-সুয়ারেজরা। অন্যদিকে সেভিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে রিয়াল।
বুধবার নিজেদের মাঠে ম্যাচের ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আন্দ্রে সিলভা। স্প্যানিশ উইঙ্গার হেসুস নাভাসের কাছ থেকে পাস সহজেই বল জালে জড়ান তিনি। এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। ৩৯ মিনিটে ভাসকেসের পাস পেয়ে জোরালো শটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদের। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেভিয়া।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। একাধিকবার সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পায়নি তারা। অন্য দ্বিতীয়ার্ধে ডিফেন্সিভ খেলা সেভিয়া আর ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
আগের ম্যাচে বার্সেলোনা হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ এসেছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। উল্টো হেরে গিয়ে সেই সুয়োগ হাতছাড় করেছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা। ৬ ম্যাচে চার জয়, একটি ড্র ও একটি হারে বার্সার পয়েন্ট ১৩। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সা শীর্ষে রয়েছে।
ইত্তেফাক/ইউবি
