অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে নতুন চুক্তি করলেন কোরেয়া

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৩
২০২৪ সাল পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদের সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া। এবারের মৌসুমে এখন পর্যন্ত ছয়টি লা লিগা ম্যাচে কোরেয়া এক গোল করেছেন।
 
নতুন এই চুক্তির মাধ্যমে দিয়েগো সিমিয়োনের কাছে কোরেয়ার গুরুত্ব বেশ ভালভাবেই নজরে আসলো। ২০১৪ সালে সান লোরেনজো থেকে অ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। নতুনভাবে ক্লাবের সাথে চুক্তি নবায়ন করতে পেরে কোরেয়া নিজেও বেশ আনন্দিত।
 
অ্যাথলেটিকোর ওয়েবসাইটে এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য সত্যিই আমি গর্বিত। একজন ফুটবলার হিসেবে এখানে আমি নিজেকে আরো পরিণত করতে চাই। এর অর্থ হচ্ছে আমি এখানে সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি। কিন্তু এখানে আমি আরো কঠোর পরিশ্রম করে নিজের উন্নতি করতে চাই। আমাদের এই দলটি বেশ সংঘবদ্ধ, এভাবেই একত্রে সঠিক পথে থাকতে পারলে মৌসুমটা নিঃসন্দেহে দারুণ কাটবে।’
 
ইত্তেফাক/এএম