রংপুরের পীরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিয়ামত আলী নামে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে নিয়ামত আলী লিটনের (২৮) মুরগি প্রতিবেশী লাল মিয়ার রবি শস্য ক্ষেত নষ্ট করে। পরে লাল মিয়া ওই ক্ষেতে বিষ প্রয়োগ করলে নিয়ামত আলীর কয়েকটি মুরগি মারা যায়। এরই জের ধরে গত বুধবার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিয়ামত আলীসহ পাঁচজন আহত হন। পরে নিয়ামত আলীকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নিয়ামত আলী লিটন মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের নজির হোসেনের ছেলে রনজু মিয়াকে (৩৪) গ্রেফতার করে।
পীরগাছা থানার এসআই ওবায়দুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
