হবিগঞ্জের মাধবপুরে শুক্রবার গাঁজা ভর্তি প্রাইভেট কারসহ সংঘবদ্ধ মাদক পাচারকারীচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা করা হয়েছে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় ব্যরিকেড দেয়। এ সময় গাঁজা ভর্তি প্রাইভেট কারটি আটক করে। পরে কারের ভেতর থেকে ৫৫ কেজি গাঁজা জব্দ করে।
পাচারকারীরা হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের শুক্কুর মিয়ার ছেলে আল আমিন (২৬) ও হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে ফজল মিয়া (৪০)।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছিল। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
