‘সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা কর্তব্য মনে করেন না সিইসি’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৩
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা একেবারেই খাঁটি বাকশাল মার্কা মুখপাত্রে পরিণত হয়েছেন। এবারে নির্বাচনে অংশ না নিলে বিএনপি নিবন্ধন ঝুঁকিতে পড়বে বলে ভয় দেখাচ্ছেন নুরুল হুদা। বিএনপি যাতে শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে, সে জন্যই এই ভয় দেখানো হচ্ছে। এই নুরুল হুদা কুমিল্লায় ডিসি থাকার সময় জনতার মঞ্চ তৈরি এবং খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছিলেন। 
 
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা সিইসি কর্তব্য বলে মনে করেন না। আওয়ামী সরকারের প্রতি আনুগত্যই তার শেষ কথা। আর এজন্যই তিনি ভোটকেন্দ্রে বেশিক্ষণ সাংবাদিকদের থাকতে দিতে চান না। বিএনপির নিবন্ধন নিয়ে কোনও অশুভ প্ল্যান থাকলে সরকারের পাশাপাশি সিইসিকেও পতনের ঝুঁকিতে পড়তে হবে।
 
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, মৎসজীবী দলের নেতা মো. আরিফুর রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
 
রিজভী বলেন, যে প্রধান নির্বাচন কমিশনার এতগুলো ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সেগুলোকে সুষ্ঠু বলে অভিহিত করেছেন, যে সিইসি সরকারি দলের ভোট নিয়ে অনাচারের বিষয়ে ‘স্পিকটি নট’ থেকেছেন, তিনি যে ক্ষমতাসীনদের ভাষাতেই কথা বলবেন- সেটিই স্বাভাবিক।
 
এসব কথা শুনে মনে হয়- পাতানো নির্বাচনের ব্যবস্থা করতেই সর্বশক্তি নিয়োগ করছেন সিইসি। ক্ষমতাসীনদের বাইরে তিনি একধাপও এগোতে পারেন না।
 
ইত্তেফাক/এমআই