কাশিয়ানীতে কমিউনিটি ক্লিনিকের নিয়োগ পরীক্ষা বাতিল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০
কাশিয়ানীতে নেটওয়ার্ক সমস্যার কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কমিউনিটি ক্লিনিকে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে চরম বিড়ম্বনায় পড়েন প্রায় সহস্রাধিক চাকরি প্রত্যাশী প্রার্থী।
 
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীতে নেটওয়ার্ক সমস্যার কারণ দেখিয়ে তা বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 
 
কি কারণে হঠাৎ পরীক্ষা বাতিল করা হয়েছে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম তালুকদার বলেন, ‘এনড্রয়েট স্মার্ট মোবইল ফোনে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়। কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে কেউ কেউ কেন্দ্রে এসেও পরীক্ষা দিতে পারেনি। এ জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে।’
 
পুনরায় কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেয়া হবে।’ 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৬টি কমিউনিটি ক্লিনিকে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার পদে ৫ জন করে নারী/পুরুষ নিয়োগ করা হবে। যার বিপরীতে ১৪টি ইউনিয়ন থেকে প্রায় ৮৩৫ জন্য প্রার্থী আবেদন করেছেন। 
 
উপজেলার সীতারামপুর গ্রাম থেকে পরীক্ষায় অংশ নিতে আসা শিহাব শিকদার বলেন, ‘শুক্রবার আমাদের নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। আমরা যথা নিয়মে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করি। কিন্তু পরীক্ষা শেষে আমাদের জানানো পরীক্ষা বাতিল করা হয়েছে। অবশ্য নেটওয়ার্কে সমস্যা থাকায় অনেকের পরীক্ষা দিতে অসুবিধা হয়েছে।’
 
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাঈন উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি