বানিয়াচংয়ে কলেজছাত্রীকে লাঞ্ছিত করায় ছাত্রের কারাদণ্ড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৫
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সুফিয়া-মতিন কলেজর এক ছাত্রীকে লাঞ্ছিত করায় এক ছাত্রকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আখঞ্জি এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্ত ছাত্র হৃদয় আহমেদ হৃদয় উপজেলা সদরের জাতুকর্ণ পাড়ার আবু ছালেক মিয়ার ছেলে ও জনাব আলী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
 
স্থানীয়রা জানায়, সুফিয়া-মতিন কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী শনিবার সকাল ১০টায় কলেজের যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। তিনি জনাব আলী সরকারি কলেজের সামনে পৌঁছলে হৃদয় তার পথরোধ করে তাকে প্রেম নিবেদন করে। এতে সে রাজী না হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে হৃদয়। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
 
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ