জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় ১ হাজার ৮শ’ ৮৯টি আসনের বিপরীতে অংশগ্রহণ করবে ৩ লাখ ৬ হাজার ২শ’ ৭৪ জন ভর্তিচ্ছু। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১শ’ ৬২ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষায় জালিয়াতি বা অন্য যেকোনো অপরাধের সঙ্গে যুক্তদের তাৎক্ষনিক শাস্তি নিশ্চিত করতে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।
জানা যায়, আজ রবিবার পরীক্ষার প্রথম দিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে। এদিন পাঁচটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের বাকি আবেদনকারী ও ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভূক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল সোমবার অনুষ্ঠিত হবে।
এছাড়া ২ অক্টোবর জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারী এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভূক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ৮ অক্টোবর ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), ৯ অক্টোবর ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা) ও ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) এবং ১০ অক্টোবর ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিরাপত্তার বিষয়ে প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তায় ১৫৬জন পুলিশ, সাদা পোশাকধারী পুলিশ ও এনএসআই দায়িত্বে থাকবে। এছাড়া অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে দায়িত্ব পালন করবে ভ্রম্যমাণ আদালত।
ইত্তেফাক/কেকে
