আজ ২৯ সেপ্টেম্বর শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, মিড ডে মিল বাস্তবায়ন, নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের অতিরিক্ত পিপি ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল হালিম, পৌরসভার মেয়র হাজ্বী এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, পিটিএ কমিটির সভাপতি ও মিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু প্রমুখ।
আয়োজক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমানের পবিত্র কোরান থেকে তেলায়াতের পর স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দগুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার পাল। অতিথিবৃন্দ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধে করণীয়, শিক্ষার্থীদের তদারকি, নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর সময় টিফিন বক্সে খাবার দেয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিধি মেনে চলা, স্কুলড্রেস পরিধানের উপকারিতা, মাদক ,সন্ত্রাস, বাল্যবিবাহ, শিশু শিক্ষার্থীদের তিরস্কার না করে ভালো কাজে পুরস্কারের ব্যবস্থা, নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ফুলের বাগান উদ্বোধন করেন এবং সেখানে প্রত্যেকে একটি করে ফুলের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পুরস্কার ও বিদ্যালয়ে শতভাগ মিড ডে মিল বাস্তবায়নকল্পে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন অতিথিবৃন্দ।
শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থী ও মায়েদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
উল্লেখ্য, গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর উপজেলার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিশুদের বিনামূল্যে পড়াশুনার সুযোগ রয়েছে। গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২০১৭ সালের ফলাফলের ভিত্তিতে মিরপুর উপজেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে।
ইত্তেফাক/নূহু
