জাপানে সপ্তাহান্তে শক্তিশালী ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে অন্তত দু’জন মারা গেছে। নিখোঁজ রয়েছেন আরো দু’জন। আহত হয়েছেন ১২০ জন। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
সোমবার সকাল নাগাদ ট্রামির প্রভাবে ভারী বৃষ্টিপাত সড়ক ও রেলপথে যানবাহন ও ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। বিদ্যুৎ বিচ্ছিন্নতার শিকার হয়েছেন ৭ লাখ ৫০ হাজার মানুষ।
স্থানীয় কর্মকর্তা ও পুলিশ জানায়, ঝড়ের আঘাতে দু’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে টোটোরিতে ভূমিধসে চাপা পড়ে ও অপর একজনের মৃত্যু হয়েছে টোকিওর পশ্চিমাঞ্চলে ইয়ামানাশিতে সামুদ্রিক ঢেউয়ের কবলে পড়ে। ঝড়টি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হানলে রোববার তারা মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, এতে আরো দু’জন নিখোঁজ রয়েছে। কেন্দ্রটি আরো জানায়, শক্তিশালী ঝড়টিতে ১২০ জনের বেশি লোক আহত হয়েছে। রবিবার রাতে জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ট্রামি। -বাসস ও বিবিসি
ইত্তেফাক/ জেআর
