সুপ্রিমকোর্ট খুলেছে, প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৬:০০
৪৬ দিন অবকাশ শেষে আজ সোমবার (১ অক্টোবর) থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টায় আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষে আজ খোলার দিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং এটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাগণ ও সকল আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
 
সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মূল ভবনের ভেতরের লনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে কপিসহ অন্যান্য হালকা খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। নিয়ম অনুযায়ী সুপ্রিমকোর্টে প্রতি অবকাশের পরই প্রধান বিচারপতি আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, এটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সকল আইনজীবীদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
গত ১৫ আগস্ট থেকে রবিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত ঈদ-উল আযহার ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশের কারণে প্রায় দেড় মাস সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করেছে। 
 
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। এছাড়া সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এ সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। বাসস।
 
ইত্তেফাক/এমআই