২০৩০ সাল নাগাদ কৃষি উৎপাদন দ্বিগুণ করতে হবে: আতিউর রহমান

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২১:৩৮
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ‘সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও এসডিজির লক্ষ্য হচ্ছে জলবায়ু সহিষ্ণু কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত করা। একই সঙ্গে কৃষি উৎপাদনে দক্ষতা বাড়াতে হবে। ২০৩০ সাল নাগাদ কৃষি উৎপাদন দ্বিগুণ করতে হবে। এজন্য কৃষিতে যন্ত্রের ব্যবহার বিপুলভাবে বাড়াতে হবে।’
 
মঙ্গলবার জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে অনুষ্ঠিত কৃষি বিজ্ঞানীদের বুনিয়াদি প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘তাছাড়া ফসলের বাইরে সবজি ও মৎস্য উৎপাদনে মনযোগী হতে হবে। কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষি পণ্যে বাজারজাতকরণ ও রপ্তানির দিকে নীতি সমর্থন দিতে হবে। তারই ধারাবাহিকতায় কৃষি পণ্যে প্রক্রিয়াজাতকরণ শিল্পকে গুরুত্ব দিতে হবে। এসব কিছুর জন্যই বাজেটে পর্যাপ্ত প্রণোদনার ব্যবস্থা করতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘কৃষিতে প্রবৃদ্ধি বাড়লে দারিদ্র্য কমে। কেননা এখনও দেশের প্রায় অর্ধেক মানুষ কৃষি ও তার সঙ্গে সম্পর্কিত ব্যবসা বাণিজ্যে কর্মসংস্থান খুঁজে পায়। টেকসই উন্নয়ন লক্ষ্য সমূহ পূরণে তাই কৃষি উন্নয়ন এতোটা গুরুত্বপূর্ণ। আগামী দিনে সরকার, ব্যক্তি খাত এবং এনজিও একসঙ্গে আধুনিক কৃষির উন্নয়নে কাজ করবে বলে ড. আতিউর রহমান প্রত্যাশা করেন।
 
আতিয়ার রহমান, কৃষি খাতে বেশি করে সফল উদ্যোক্তা তৈরি করাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। এর ফলে কৃষি উৎপাদন বাড়বে এবং কর্মসংস্থান ও নিশ্চিত হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন নাটার ভারপ্রাপ্ত  ড. মো. আবু সাইদ মিয়া ও উপ-পরিচালক ড. মো. দেরোয়ার হোসেন মজুমদার।
 
ইত্তেফাক/বিএএফ