জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জাতীয় পার্টি-জেপি নির্বাচনমুখী দল। এজন্য জেপি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি গতকাল রবিবার রাতে তার ভাণ্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলায়’ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আরও বলেন, দেশের উন্নয়ন ধারাকে অব্যহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করা প্রয়োজন। এই জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জেপি মিলে ১৪ দলের ব্যানারে একত্রে নির্বাচনে অংশ নিচ্ছে। এবার নৌকা ও বাইসাইকেল প্রতীকে ভোট দিতে হবে। বাইসাইকেলে ভোট দেওয়ার অর্থ শেখ হাসিনাকে ভোট দেওয়া। দক্ষিণাঞ্চলে শেখ হাসিনার সরকারের সময় অনেক উন্নয়ন হয়েছে এবং চলমান প্রক্রিয়া হিসেবে উন্নয়নের অসমাপ্ত ধারা বজায় রাখতে হবে। নির্বাচনকে অর্থবহ করে তুলতে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় কালে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা ইউসুফ আলী আকন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম ফজলুর রহমান, সহ-সভাপতি রিয়াদ মাহমুদ মিঠু, সগীর হোসেন, জসিম উদ্দিন খান, মো. আল আমিন, মামুন হোসেন মুন্সী প্রমুখ মতবিনিময় সভায় অংশ নেন।
