সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৫:৫৬
সিরাজগঞ্জ পৌর এলাকায় গোলাম মোস্তফা (৪৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
 
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফোরকান সিকদার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন। এই হত্যা রহস্য উদঘাটনে পুলিশ তৎপর।
 
স্থানীয়রা জানায় সকালে রানীগ্রাম বাজারে একটি দোকানের সামনে বসেছিলেন গোলাম মোস্তফা। এ সময় কয়েকজন সন্ত্রাসী এসে পেছন থেকে তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না হাসপাতালে গিয়ে মরহুমের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময়ে তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা গোলাম মোস্তফাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। অতি সত্বর জামাত বিএনপির সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
 
ইত্তেফাক/নূহু