‘চেনা পথের অপরিচিতা’য় মম

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৯:০৩

মা হ মু দু ল  আ মি ন

 

লাক্সতারকা জাকিয়া বারী মমকে দর্শক নানা ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অভিনয়ের পথচলায় একযুগেরও বেশি সময়ে মম নিজেকে আমাদের নাট্যাঙ্গনে এমন এক অবস্থানে নিয়ে গেছেন, যেখানে তাঁকে কেন্দ্র করেই যেমন গল্প আবর্তিত হয়, ঠিক তেমনি তাঁকে নিয়েই নাটক নির্মাণে আগ্রহী থাকেন নির্মাতারা। মম তাঁর চেষ্টা, অধ্যবসায় ও অভিনয়ের প্রতি একান্ত ভালোবাসায় নিজেকে এমন অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই মমকে এবার দর্শক একজন অনন্যা রূপে দেখতে পাবেন। যে অনন্যা নিজের ভেতরের প্রতিবন্ধকতা, পরিবার ও সমাজের নানা ধরনের প্রতিবন্ধকতাকে এড়িয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আর তার এই চ্যালেঞ্জিং জীবন নিয়েই মম অভিনীত ওয়েব সিরিজ ‘চেনা পথের অপরিচিতা’র গল্প এগিয়ে যায়। আট পর্বের এই ওয়েব সিরিজটির গল্প রচনা ও নির্মাণ করেছেন শিহাব শাহীন। ওয়েব সিরিজটির প্রথম চার পর্ব কুমারিকার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এই নাটকে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও এফএস নাঈম। অপূর্ব অভিনয় করেছেন সানিয়াত চরিত্রে এবং নাঈম অভিনয় করেছেন হাসিফ চরিত্রে। এর আগে শিহাব শাহীন নির্মিত ‘দ্বিতীয় কৈশোর’ ওয়েব সিরিজটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। তাই তাঁর বিশ্বাস ‘চেনা পথের অপরিচিতা’ও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে। এতে অভিনয় প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, ‘সত্যিকার অর্থেই আমাদের সমাজে মেয়েরা অনেক সংগ্রাম করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। তাই মেয়েদের এই সংগ্রামী জীবনের গল্প, মেয়েদের জীবনের সাহসিকতার গল্প নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজে আমি কাজ করতে পেরেছি—এটা আমার জন্য সত্যিকার অর্থেই অনেক ভালো লাগার। এই ধরনের চরিত্রে আমি আরো অনেক বেশি বেশি কাজ করতে চাই। আমাদের মেয়েদের কথা, তাদের সংগ্রামী জীবনের কথা, সাফল্যের কথা আমি আমার চরিত্রের মধ্যদিয়ে বলতে চাই। নিঃসন্দেহে শিহাব শাহীন একজন সফল মেধাবী ও গুণী নির্মাতা। তাঁকে বিশেষত ধন্যবাদ দিতে চাই অনন্যা চরিত্রে আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’ এই ওয়েব সিরিটিতে আরো অভিনয় করেছেন খালেকুজ্জামান, সাবিহা জামান, সাবেরী আলম, সুষমা সরকার, আনন্দ খালেদ প্রমুখ।