শেখ রাসেলকে নিয়ে নতুন গান

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৯:০৩

 

শেখ রাসেলকে নিয়ে আরো একটি নতুন গান প্রকাশ করলেন কবি ও গীতিকার সুজন হাজং। ‘রাসেল আমাদের বাংলাদেশ’ শিরোনামের গানটি লিখেছেন শিল্পী নিজেই। আর সুর ও সংগীত করেছেন যাদু রিছিল। গানটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত গায়িকা সুস্মিতা সাহা।

‘সেই অবুঝ শিশুর চোখে নতুন সকাল দেখি/ সেই সকালের নাম বাংলাদেশ/ সেই অবুঝ শিশুর চোখে নতুন আকাশ দেখি/ সেই আকাশের নাম বাংলাদেশ’ এমন কথার গানটি গত ১৩ এপ্রিল সুজন হাজংয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

গান সম্পর্কে বলতে গিয়ে সুজন হাজং বলেন, ‘শেখ রাসেল আমাদের অস্তিত্বজুড়ে আছেন। বাঙালির সব ধরনের উত্সব-পার্বণে রাসেলের নাম জড়িয়ে থাকবে। গানেই বলেছি, রাসেল আমাদের বাংলাদেশ। সে কারণে, বাংলা নতুন বছর উপলক্ষে গানটি প্রকাশ করলাম।’

শিল্পী সুস্মিতা সাহা বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণে শেখ রাসেলের আত্মত্যাগ অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের সঙ্গে শেখ রাসেলের নামও জড়িয়ে থাকবে চিরদিন। ‘রাসেল আমাদের বাংলাদেশ’ গানটিতে কণ্ঠ দিতে পেরে আমার খুবই ভালো লেগেছে। গানটির কথা চমত্কার। শেখ রাসেলকে শ্রদ্ধা জানানোর জন্য গীতিকারের প্রতিটি শব্দই আমার ভালো লেগেছে।’