নজরুল ইসলাম মুহিব
মৌলভীবাজার প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কবি কাজী নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার ও নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলায় ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন উপলক্ষে গত ১৭ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ৩ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার সংরক্ষিত-৩৩৬ আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক। আলোচক ছিলেন কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঞা। আলোচনায় অংশগ্রহণ করেন নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল খালিক ও লেখক আকমল হোসেন নিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মুমিন ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ। বিকেলে নজরুল জীবন পরিক্রমা তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নজরুল সম্মেলন প্রাঙ্গণে প্রতিদিন নজরুল গ্রন্থমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোদনী দিনে কবিতা পাঠ করেন গোলাম কিবরিয়া পিনু, সঙ্গীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, এমএ মান্নান, কল্পনা আনাম, জান্নাতে রোম্মান তিথি এবং নৃত্য পরিবেশন করে ওয়ার্দা রিহ্যাব ও তাঁর দল।
দ্বিতীয় দিন সকালে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঞা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান এবং মুখ্য আলোচক ছিলেন কবি মুহম্মদ নুরুল হুদা। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ সৈয়দ নজরুল ইসলাম ও মুহিবুর রহমান। বিকেলে কবিতা পাঠ করেন কবি মুহম্মদ নুরুল হুদা, সঙ্গীত পরিবেশন করেন ইয়াকুব আলী খান, রেবেকা সুলতানা, শহীদুল ইসলাম খান, জান্নাতে রোম্মান তিথি এবং নৃত্য পরিবেশন করে ওয়ার্দা রিহ্যাব ও তাঁর দল।
তৃতীয় দিন সকালে মৌলভীবাজার সরকারি কলেজে শহীদ জিয়া অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঞা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী এবং মুখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এএফএম হায়াতুল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন নায়েমের উপ-পরিচালক স্বপন নাথ ও মৌলভীবাজার নজরুল পরিষদের সভাপতি এমদাদুল হক মিন্টু।
বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে কবিতা পাঠ করেন কবি আসাদ মান্নান, সঙ্গীত পরিবেশন করেন ইয়াকুব আলী খান, শারমিন সাথী ময়না, শহীদুল ইসলাম খান, এমএ মান্নান এবং নৃত্য পরিবেশন করে ওয়ার্দা রিহ্যাব ও তাঁর দল। প্রতিদিন শতশত স্কুল-কলেজের শিক্ষার্থী ও নজরুল ভক্তরা অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় জেলার ১০টি স্কুলের সেরা শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
