মালয়েশিয়ায় কিশোরকে বাঁচাতে জীবন দিল ৬ দমকলকর্মী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:৫২
মালয়েশিয়ার রাজধানী শহরের অদূরে পরিত্যাক্ত খনির ডোবায় পা পড়ে গিয়েছিল কিশোরটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যান দমকলকর্মীরা। তবে ডোবায় নেমে অল্প কিছুক্ষণ পরই মালয়েশিয়ার জরুরি সার্ভিস প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বড় ট্রাজেডিতে পরিণত হন তারা নিজেরাই। পানির তোড়ে বুধবার সন্ধ্যার অন্ধকারে জীবনপ্রদীপ নিভে যায় ৬ জনের। নিউইয়র্ক টাইমস।
 
দমকল কর্মীরা জানান, জায়গাটি ছিল ঘন অন্ধকার। পানির প্রবাহ ছিল শক্তিশালী। দমকল কর্মীরা মানববন্ধন তৈরি করে প্রবাহের মুখে থাকা গেটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের ধারণা ছিল কিশোরটি সেখানে আটকে আছে।
 
কিছুক্ষণ পর প্রচণ্ড তোড়ে পানি এসে তাদের সবাইকে ডোবার মাঝে থাকা ঘূর্ণিজলের মধ্যে নিয়ে ফেলে। সেখানেই সবাই ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
IMG0
দমকল কর্মীরা সবাই একই রশি ধরে এগুচ্ছিলেন। ডুবুরির যন্ত্রপাতিও সঙ্গে নেননি তারা। এটিকেই দুর্ঘটনার কারণ বলে মনে করছে কর্তৃপক্ষ।
 
মালয়েশিয়ার ফায়ার সার্ভিসের মহাপরিচালক হামদান ওয়াহিদ জানান, কোন একক ঘটনায় এত বেশি দমকলকর্মী আর কখনও মারা যায়নি। তিনি বৃহস্পতিবার তাদের জানাজায় অংশ নিচ্ছিলেন।
 
তবে নিখোঁজ ওই কিশোরকে এখনও উদ্ধার করা যায়নি। সহকর্মীদের কবর দিয়ে তাকে উদ্ধারে আবার কাজ শুরু করেছে মালয় দমকল বাহিনী।
 
ইত্তেফাক/টিএস