স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘিরে কোনো ধরনের হুমকি নেই। এ মামলায় বিচারক যে রায় ঘোষণা করবেন অবশ্যই তা কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর বাণিজ্য মেলার মাঠে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ ফেরদৌস খান।
প্রসঙ্গত, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলার আসামিদের মধ্যে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টু ,খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম ডিউটি।
এসব আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। চৌদ্দ বছর আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নৃশংস এই মামলার রায় ঘোষণা হবে আগামী ১০ অক্টোবর বুধবার। এই রায়কে ঘিরে বিএনপিতে উদ্বেগ স্পষ্ট। এরই মধ্যে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা করলে দেশবাসী তা মেনে নেবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ১০ অক্টোবর ঘোষণা হবে আমরা আশা করছি। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। ঠিক একই ধরনের বীভৎস হত্যাকাণ্ড যা আমরা আগে কোনো দিন লক্ষ্য করিনি, সেটা ২০০৪ সালের ২১ আগস্ট দেখলাম। একের পর এক হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে, সবগুলোর যোগসূত্র একই। এগুলোর সব পরিকল্পনা বঙ্গবন্ধু ও তার পরিবারের শেষ সদস্যকে হত্যা করা। ২১ আগস্ট মামলার রায় হতে যাচ্ছে। সেদিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত হলেও আমরা আইভি রহমানসহ ২৪ জনকে হারিয়েছি।
বিচারক যে রায় দেবেন সেই রায় অবশ্যই কার্যকর হবে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, রায় ঘিরে কোনো কিছু হবে না। জনগণ এই রায়ের কার্যকরিতা দেখতে চায়। অনেকে মনে করছে শান্তি-শৃঙ্খলার অবনতি হবে কিন্তু আমি মনে করি এগুলো কোনো কিছুই হবে না। সাধারণ মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ পছন্দ করে না। যারা এগুলো করে তাদেরকে ধিক্কার দেয় মানুষ। এই কারণে আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
ইত্তেফাক/কেকে
