অনলাইন প্লাটফর্মের জন্য বাড়ছে নাটক নির্মাণ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৯:০৯

বিনোদন রিপোর্ট

 

এদেশে ইউটিউবের জনপ্রিয়তা গত কয়েক বছর অনেক গুণে বেড়েছে। শর্টফিল্ম, বিভিন্ন কন্টেন্টসহ নাটকও প্রচার হয় ইউটিউবে। প্রথমদিকে এর সংখ্যা কম থাকলেও বর্তমানে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও যেন নিয়মিত বাড়ছে নাটক প্রচারের সংখ্যা। অনলাইনের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে টেলিভিশনের জনপ্রিয়তা কমেছে। তাই বলে টেলিভিশন চ্যানেলগুলোও থেমে নেই। দেশের প্রায় সবগুলো বিনোদনভিত্তিক চ্যানেলের রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল। টেলিভিশনে প্রচারের পর নাটকগুলো প্রচার করা হচ্ছে চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেলে। কিছু কিছু চ্যানেল তাদের ইউটিউবেই সরাসরি প্রচার করছে নাটকগুলো।

চ্যানেলগুলোর পাশাপাশি নির্মাতারাও এখন তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেল বা অন্য ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করছে নাটক। বিশেষ দিবসগুলোতে সেই পরিমাণ বাড়ছে আরো বেশি। এ বছর পহেলা বৈশাখে রেকর্ডসংখ্যক নাটক প্রচার হয়েছে। এ সময়ের জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ৬টি নাটক প্রচার হয়েছে ইউটিউব চ্যানেলে। এছাড়াও অনেক নতুন পরিচালক এবার ইউটিউব ও অনলাইন প্লাটফর্মে নাটক নির্মাণ করেছেন। কারণ হিসেবে নির্মাতারা গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাত্কারে জানিয়েছেন, ইউটিউবের জন্য নাটক নিমাণ করলে সেখানে যেমন রযেছে স্বাধীনতা তেমনি কোনো চ্যানেলে প্রচারের জন্য ছুটতে হচ্ছে না তাঁদের। ডিজিটাল প্লাটফর্মে প্রযোজকরাও লাভবান হচ্ছে।

ইউটিউবের পাশাপাশি বর্তমানে অনলাইন প্লাটফর্মের জনপ্রিয়তার পাশাপাশি সংখ্যাটাও বাড়ছে। ‘বায়োস্কোপ’ ও ‘আইফ্লিক্স’-এর পাশাপাশি সম্প্রতি কলকাতার জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং অ্যাপ ‘হইচই’ যাত্রা শুরু করেছে এদেশে। নাটকের পাশাপাশি সেখানে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীরাও অনলাইন প্লাটফর্ম নিয়ে আশার কথাই বলছেন। দর্শকরাও অনলাইন প্লাটফর্মগুলোর সাথে আরো বেশি পরিচিত হচ্ছেন।