নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে সবুজ সরকার (২৭) নামে আবেদ টেক্সটাইল মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের জামাল সরকারের ছেলে। অবেদ টেক্সটাইল মিলের ওয়ার্কশপে লেদ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহত সবুজের বাবা জামাল সরকার জানান, প্রতিদিনের মত শুক্রবার সকালে সবুজ তার কর্মস্থলে যায়। জুম্মার নামাজ পড়ে তিনি বাসায় ফিরলে খবর পায় সবুজ বিদ্যুৎ স্পর্শে আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। এ সংবাদে তিনি ও পরিবারের লোকজন সদর হাসপাতালে ছুটে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সবুজের সহকর্মীদের মুখে জানতে পারেন, কাজ করার সময় সবুজ একটি লোহার রড তুলতে গেলে সেটাতে বৈদ্যুতিক তার পেঁচিয়ে থাকায় সে বিদ্যুৎ স্পর্শ হয়। এসময় তার সহকর্মীরা মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
ইত্তেফাক/জেডএইচ
