গ্লোবাল চ্যাম্পিয়ন হলেন অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:৪১

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অনন্য সাধারণ অবদানের জন্য জাতিসংঘ জনসংখ্যা চ্যাম্পিয়ন মনোনীত হয়েছেন। গতকাল রবিবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউএনএফপিএ নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদানের জন্য বিশ্বব্যাপী ১৬টি দেশের ১৬ জনকে চ্যাম্পিয়ন মনোনীত করেছে। বাংলাদেশ থেকে অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেসুর রহমানকে মনোনীত করা হয়েছে।

একজন পেশাদার পুলিশ কর্মকর্তা মোখলেসুর রহমান তার দীর্ঘ কর্মজীবনে জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদান রেখেছেন। তিনি বহু বছর ধরে জেন্ডার বেইজড ভায়োলেন্স যেমন- বাল্য বিবাহ, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সে পরিপ্রেক্ষিতে ইউএনএফপিএ তাদের কার্যক্রমের সাথে তাকে সম্পৃক্ত করে। তিনি ২০১৫ সাল থেকে ইউএনএফপিএ’র কার্যক্রমের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে কাজ করছেন। তিনি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পরিচালিত জেন্ডার বেইজড ভায়োলেন্স এর একজন পরামর্শক।  তার পরামর্শে দেশের ১৫টি থানায় ইউএনএফপিএ’র সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে ‘নারী সহায়তা ডেস্ক’ স্থাপন করা হয়েছে। তিনি গরিবের জন্য পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার প্রবক্তা।