প্রথম কর্মদিবসে ৭৫২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ফাইলে প্রথম স্বাক্ষর করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরআগে রবিবার সকালে তিনি নগর ভবনে গিয়ে বসলে বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাসিক সূত্রে জানা যায়, রবিবার সকালে প্রথম কর্মদিবসে নগরভবনে আসেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর মেয়র দপ্তরে বসে দাপ্তরিক কাজ করেন। দাপ্তরিক কাজের মধ্যে ৭৫২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পে প্রথম স্বাক্ষর করেন।
এ ব্যাপারে রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, মেয়র খায়রুজ্জামান লিটন তার প্রথম কর্মদিবসে ৭৫২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের ফাইলে স্বাক্ষর করেছেন। এ উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ২২টি পুকুর সংরক্ষণ ও সংস্কার করা হবে।
তিনি আরও জানান, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এ প্রকল্পটি তিনি হাতে নিয়েছিলেন। কিন্তু সাবেক মেয়র এ প্রকল্পটি আর এগুতে দেননি। ফলে এ প্রকল্পটির ফাইল আগে থেকেই প্রস্তুত ছিল। প্রথম কর্মদিবসে মেয়র ওই ফাইলে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এখন অর্থ বরাদ্দের জন্য ফাইলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ইত্তেফাক/জেডএইচ
