শেবাচিমের সূবর্ণ জয়ন্তীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২৩:৩৫
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন ঘোষণা করেন। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। এ অঞ্চলকে দেশের অন্যতম অর্থনৈতিক জোন তৈরি করার লক্ষ্যে ইতোমধ্যে আমার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। 
 
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য ইতোমধ্যে বরিশালের একটি দ্বীপে আরো একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মহাপরিকল্পনা রয়েছে। সাথে পদ্মার পাড়ে অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। পদ্মা সেতু থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত নির্মিত হচ্ছে চার লেনের রাস্তা। 
 
তিনি আরো বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের রুপান্তর নয়, একটি পৃথক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা করা হবে। ওই মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের অধিনে শের-ই বাংলা মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালিত হবে। এর পাশাপাশি এই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসনের জন্য ভবন নির্মাণ করা হবে। 
 
তিনি চিকিৎসকদের উদেশ্যে বলেন, উপজেলা পর্যায়ের এখনো অনেক চিকিৎসক কর্মস্থলে থাকেন না। তাদের অবশ্যই কর্মস্থলে থেকে রোগী সেবা নিশ্চিত করতে হবে। 
 
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদ্মা সেতু থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল যোগযোগের কাজ শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলের উন্নয়ন ইতিপূর্বে সেতু, পুল, কালভার্ড স্থাপনসহ সড়ক উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করেছে। নদী বেষ্টিতে এ অঞ্চলের বরিশাল থেকে ভোলা ও বরগুনাতে সড়ক পথে যাতায়াতে ব্যবস্থা গ্রহন ও শিল্পাঞ্চলে গ্যাস পৌঁছে দিতে বহু প্রতিক্ষিত ভোলার গ্যাস পাইপ লাইনের সাহায্যে বরিশালে নিয়ে আসার কাজ চলছে। দক্ষিণাঞ্চলের দ্বীপে পরমানু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, বরিশালের হারানো শস্য ভান্ডার ফিরিয়ে আনতে গবেষণাসহ সামগ্রিক উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 
 
শের-ই বাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল প্রান্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নাসিম। 
 
প্রধানমন্ত্রীর সাথে গণভবনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিববৃন্দ। 
 
এছাড়া বরিশাল প্রান্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ ও নবনির্বাচিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 
 
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. শরফুদ্দিন আহম্মেদ, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা আবদুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিএমপি কমিশনার মোশারফ হোসেন, ডিজিএফ আই কর্নেল জেএম শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা, পরিচালক ডা. মো. বাকির হোসেন,  বরিশাল বিএমএ জেলা সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন, জেলা স্বাচিপের সভাপতি ডা. মু. কামরুল হাসান সেলিমসহ বরিশালের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 
ইত্তেফাক/কেকে