সাভারে মদ খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রের নিহতের ঘটনা ঘটেছে। নিহতের নাম নাইম হাসান। সে দক্ষিণ রাজাশন এলাকার মনির হোসেনের ছেলে এবং সাভার ট্রাস্ট কলেজ থেকে চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিল।
বুধবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দক্ষিণ রাজাশন এলাকায় মদ খাওয়াকে কেন্দ্র করে শাকিল গ্রুপ ও মিলন গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে শাকিল গ্রুপের সদস্যরা নাইম হাসানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নাইম মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হৃদয় নামে আরও একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: নুসরাত হত্যা নিয়ে শুরু থেকেই তাচ্ছিল্য ছিল সবার
আরও পড়ুন: এবার ভিলেনের ভূমিকায় শাহরুখ!
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, মদ খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নাইমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাইমের বাবা লিখিত অভিযোগ দিলে মিলন, শাকিল ও হৃদয়সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি
