মিয়ানমারে খনিতে ভূমিধস ৫৪ ঘুমন্ত শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:১৯

রয়টার্স, বিবিসি

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে জেড খনিতে ভূমিধসে অন্তত ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। খনিতে ঘুমিয়ে থাকা শ্রমিকরা কাদায় চাপাপড়ে প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরাঞ্চলের কাচিনের হপকান্ত শহরের ম উন কালায় গ্রামে জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। পুরনো এই খনিতে কাদা পানির একটি পুকুরের পাড় ভেঙে পড়লে  খনিতে ভূমিধস শুরু হয়।

স্থানীয় কর্মকর্তা তিন সোয়ে বলেন, দুটি প্রাইভেট কোম্পানির অন্তত ৫৪ জন শ্রমিক খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এতে অন্তত ৪০টি মেশিন ও অন্যান্য যানবাহনও চাপা পড়েছে।  বর্জ্য ও কাদার নিচে তলিয়ে গেছে তারা। তাদের লাশ উদ্ধার করাও কঠিন হয়ে পড়বে।’ খনি ধসের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা। কিয়া সোয়া অং নামের ওই কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। দারিদ্র্যকবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় দেশটির প্রধান জেড খনি অবস্থিত। চীন সীমান্তের কাছে কাচিনের এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোত্কৃষ্ট জেড পাওয়া যায়। তবে জেড খনি থেকে উপার্জিত অর্থের অধিকাংশই বিভিন্ন ব্যবসায়ী ও সাবেক সামরিক শাসকদের পকেটে চলে যায়।

পুলিশ জানিয়েছে, কাচিন রাজ্যে বড় ধরনের এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে এবং এতে একটি ‘কাদার হ্রদ’ তৈরি হয়েছে আর ৪০টি গাড়িসহ শ্রমিকদের বাসস্থান এর নিচে চাপা পড়েছে। মিয়ানমারের জেড খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে এবং এতে অনেক লোকের মৃত্যু হয়।