ইত্তেফাক ডেস্ক
শ্রীলঙ্কায় তিনটি গির্জাসহ আট জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করেছিল ইসলামিক জঙ্গি সংগঠন আইএস। তার পরই তাদের নিউজ এজেন্সি ‘আমাক’-এর তরফে হামলায় অংশ নেওয়ার জন্য জঙ্গিদের শপথের ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিও প্রকাশ করে তারা লিখেছে, ‘ইসলামিক স্টেটের যোদ্ধারা।’ অনলাইন চ্যাটরুমের মাধ্যমে সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।
আইএসের প্রকাশিত সেই ভিডিওতে হাতে হাত রেখে হামলার জন্য শপথ নিতে দেখা যাচ্ছে আট জঙ্গিকে। মনে করা হচ্ছে, শপথ নেওয়া ওই জঙ্গিরা শ্রীলঙ্কাতে আত্মঘাতী বোমারু হয়ে হামলা চালিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শপথ নেওয়া জঙ্গিদের সকলের পরনে রয়েছে কালো পোশাক। এক জন বাদে বাকি সকলের মুখ সাদা-কালো কাপড়ে ঢাকা। ভিডিওতে মুখ খোলা থাকা ব্যক্তি বাকিদের শপথ নিতে নেতৃত্ব দিচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, শপথে নেতৃত্ব দেওয়া ওই ব্যক্তিই জাহরান হাশিম। যিনি শ্রীলঙ্কার মৌলবাদী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত বা এনটিজের প্রধান। তাকেই ইস্টারের দিনে শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলারও মাস্টারমাইন্ড বলে মনে করা হচ্ছে। আইএসের প্রকাশিত সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে হাত রেখে ওই আট জঙ্গি আইএস নেতা আবু বকর আল-বাগদাদির নামে শপথ নিচ্ছে। ইস্টারের সকালে গত রবিবারের ওই হামলায় এখনো পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০০ জন।
