চট্টগ্রামে একটি আসনে নতুন মুখ, বাকিরা পুরনো

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:৪২

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে দলটির চট্টগ্রাম অঞ্চলের নেতাকর্মীদের সকল জল্পনা-কল্পনার অবসান হয়েছে। কেবলমাত্র কোতোয়ালী (চট্টগ্রাম-৯) আসনে নতুন মুখ এসেছে। বাফক সবকটি আসনে আগের সংসদ সদস্যরাই মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সীতাকুণ্ডে দিদারুল আলম, সন্দীপে মাহফুজুর রহমান মিতা, রাঙ্গুনিয়ায় ড. হাসান মাহমুদ, রাউজানে এ বি এম ফজলে করিম চৌধুরী, বাঁশখালীতে মোস্তাফিজুর রহমান, চন্দনাইশে নজরুল ইসলাম চৌধুরী, পটিয়ায় সামশুল হক চৌধুরী, সাতকানিয়ায় আবু রেজা মুহাম্মদ নদভী, আনোয়ারায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কোতোয়ালীতে মহিবুল হাসান চৌধুরী নওফেল, ডবলমুরিং (আংশিক)- বন্দর আসনে এম এ লতিফ, ডবলমুরিং (আংশিক)- হালিশহর আসনে ডা. আফসারুল আমীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া, জোটের প্রার্থী হিসেবে হাটহাজারীতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বোয়ালখালীতে মঈনুদ্দীন খান বাদল, ফটিকছড়িতে নজিবুল বশর মাইজভান্ডারী মনোনয়ন পেয়েছেন।

মনোনয়ন পাওয়া এই ১৬ প্রার্থীর মধ্যে কেবলমাত্র নবাগত আছেন চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর সন্তান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। বাকি ১৫ জনই দশম সংসদের সদস্য। যদিও এখনো পর্যন্ত আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়নই নিশ্চিত করা হয়েছে হাইকমান্ড থেকে। কিন্তু যেসব আসনে শরিক দলের প্রার্থী রয়েছে সেসব আসনের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা এখনো দেয়া হয়নি।

গত কয়েক মাস ধরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে বেশক’টি আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হতে পারে বলে আলোচনা চলছিল। ‘মাঠপর্যায়ে জনপ্রিয়তা হ্রাস’, ‘তৃণমূলের সঙ্গে দূরত্ব’, দলীয় হাইকমান্ডের ‘সুদৃষ্টির বাইরে চলে যাওয়া’সহ নানা বিষয় এসব আলোচনায় ঠাঁই পাচ্ছিল। বিশেষ করে বাঁশখালী, সীতাকুণ্ড, চন্দনাইশ, ডবলমুরিং (আংশিক)- হালিশহর ও সন্দ্বীপ আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে বলে অনেকে ধারণা করছিলেন। তবে শেষ পর্যন্ত পরিবর্তন হয়েছে কেবল একটিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের একাধিক আওয়ামী লীগ নেতা ইত্তেফাককে বলছেন, যে আসনটিতে পরিবর্তন (কোতোয়ালী) হয়েছে সে আসনটি নিয়ে মহানগরের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত। একদিকে এই আসনটি হেভিওয়েট, তার ওপরে দলের সম্ভাবনাময় নেতাকে এই আসনে মনোনয়ন দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডবলমুরিং (আংশিক)- হালিশহর আসনে মনোনয়ন প্রত্যাশী ফরিদ মাহমুদ ইত্তেফাককে বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা পরিবর্তনের আশা করেছেন এটা ঠিক। সারাদেশে অনেক আসনে নতুন মুখকে নেত্রী (দলীয় প্রধান) মনোনয়ন দিয়েছেনও। চট্টগ্রামের ক্ষেত্রেও উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। তার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। দলীয় প্রার্থীকে বিজয়ী করতেই আমরা কাজ করবো।’