পুলিশ প্রধান ও গোয়েন্দাদের তলব ভারতের শীর্ষ আদালতে

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:২০

প্রধান বিচারপতির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ খতিয়ে দেখা হচ্ছে

ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে কোনো ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে সিবিআই-এর দুই যুগ্ম অধিকর্তা, দিল্লির পুলিশ প্রধান এবং ইন্টেলিজেন্স ব্যুরোকে ডেকে পাঠানো হলো সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের ‘জাজেস চেম্বারে’ তাদের ডেকে পাঠিয়েছে বিচারপতি অরুণ মিশ্র নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ওঠা যৌন অভিযোগের তদন্তে তৈরি করা হয়েছে এই বিশেষ বেঞ্চ। খবর আনন্দবাজার পত্রিকার

উত্সব বইন্স নামের যে আইনজীবী প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছিলেন, তিনিও মুখবন্ধ খামে সমস্ত তথ্যপ্রমাণ আদালতে জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে। উত্সব বইন্সের অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই দেশের বিভিন্ন তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের সুপ্রিম কোর্টে ডেকে পাঠানো হয়েছে। আদালতের তরফে অবশ্য জানানো হয়েছে, ‘‘এই বৈঠক কোনো তদন্তের উদ্দেশ্যে নয়। আমরা দিল্লি পুলিশ প্রধান, সিবিআই এবং আইবি-র সঙ্গে বৈঠক করছি।’’ পাশাপাশি, প্রধান বিচারপতির বিরুদ্ধে যে নারী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন, তাকেও নোটিস পাঠিয়েছে বিচারপতি এ এস ববদে নেতৃত্বাধীন তিন সদস্যের তদন্তকারী প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি এন ভি রামান্নার উপস্থিতিতে তাকে আগামী ২৬ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।