সাপ্তাহিক ছুটির দিনেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগার খোলার রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান আতাউর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে ছুটির দিনেও কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহে ২ দিন ছুটির মধ্যে বৃহস্পতিবার বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা থাকবে।’
আইন বিভাগের মাস্টার্সের রফিকুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষার্থীদের ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়ালেখার সুযোগ প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা যদি চাকরির বই নিয়ে গ্রন্থাগারে যেতে পারতাম সেটি আমাদের জন্য আর একটু বেশী সুবিধা হত।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করানোর জন্য ডিজিটালাইজেশনসহ নানামুখী সুবিধা নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল থেকে গ্রন্থাগারের কর্মঘণ্টা বৃদ্ধি করে সপ্তাহে ৬ দিন খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
