স্পোর্টস রিপোর্টার
২০১৩-১৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট-এ মর্যাদা পাওয়ার পর থেকে সাতশ রান একটা বেঞ্চ মার্ক হয়ে গিয়েছিলো। মৌসুম শেষে সাতশ রান স্পর্শ করতে পারা ব্যাটসম্যানরাই বাহবাটা পেতেন। ২০১৭ সালে লিটন দাস যখন ৭৫২ রান করলেন, সেটাকে একটা পর্বতসমান রান বলে মনে হলো। কিন্তু এবার সবকিছু বদলে গেছে। লিটন দাসের সেই রান টপকে গেছেন এই মৌসুমে তিন তিনজন ব্যাটসম্যান। এদের মধ্যে দুই তরুণ আবার ইতিহাসে প্রথমবারের মতো আটশ রান পার করে ফেলেছেন। এবারের লিগকে নিজেদের করে নিয়েছেন যুবদলের দুই তারকা সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম।
সাইফ ও নাঈম অবশ্য রানের এই স্রোত বইয়ে দিতে লড়াই করেছেন দুই সিনিয়রের সাথে। এর মধ্যে রকিবুল হাসানও টপকে গেছেন লিটন দাসের আগের সর্বোচ্চ স্কোর। এছাড়া সাত শতাধিক রান করেছেন আরেক সাবেক জাতীয় দল তারকা জহুরুল ইসলাম অমি। বোলিংয়ে অবশ্য জুনিয়রদের এতোটা দাপট ছিলো না। বলা ভালো, বোলিংয়ে একাই ছড়ি ঘুরিয়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। ফরহাদ এই মৌসুমে ১৬ ম্যাচে তুলে নিয়েছেন ৩৮ উইকেট। তার আশেপাশে, মানে ৩০ উইকেটের আশেপাশেও আর কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ উইকেট নিয়েছেন মোহাম্মদ শহীদ এবং তৃতীয় সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছেন আরেক অলরাউন্ডার সাইফউদ্দিন। এছাড়া ২২টি করে উইকেট নিয়েছেন হাসান মুরাদ, রবিউল হক, নাবিল সামাদ ও সোহাগ গাজী।
ব্যাটিংয়ের ব্যাপারটা এরকম ম্যাড়মেড়ে ছিলো না। প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়েছে মৌসুম জুড়ে। লিগের মাঝের দিকে জহুরুল ইসলাম অমি একটু নিজেকে হারিয়ে ফেলায় তিনি টপকাতে পারেননি লিটন দাসকে; তার সামনেও ভালো সুযোগ ছিলো। শেষ পর্যন্ত ৭৩৫ রান নিয়ে চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন অমি।
তবে বাকি তিনজন টপকে গেছেন লিটন দাসকে। রকিবুল হাসান শেষ ইনিংসে মিস করেছেন আটশ রান পার করার সুযোগ। শেষ ইনিংসে ২২ রান করায় ৭৮১ রানে গিয়ে থেমেছেন সিনিয়র এই ব্যাটসম্যান। কিন্তু দুই টগবগে তরুণ কাউকে ছাড় দেননি। সাইফ হাসান দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন। তিনি এবার লিগের এবং ঢাকা লিগের (লিস্ট-এ) ইতিহাসের সর্বোচ্চ ৮১৪ রান করে মৌসুম শেষ করেছেন। ৬২.৬১ গড়ে এই রান করেছেন সাইফ। লংগার ভার্সন ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যত্ বলে মনে করা হয় সাইফকে। তিনি প্রমাণ করেছেন ৫০ ওভারের খেলাটিও তার দখলে আছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮০৭ রান করেছেন মোহাম্মদ নাঈম। একটা যুব বিশ্বকাপ খেলায় নাঈম গত মৌসুমেও ভালো রান করেছিলেন। তিনি এবার নিজের সর্বোচ্চটা করেও দ্বিতীয় সেরা হয়ে রইলেন।
ঢাকা প্রিমিয়ার লিগ
সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান ম্যাচ রান গড় মৌসুম
সাইফ হাসান ১৬ ৮১৪ ৬২.৬১ ২০১৮-১৯
মোহাম্মদ নাঈম ১৬ ৮০৭ ৫৩.৮০ ২০১৮-১৯
রকিবুল হাসান ১৬ ৭৮১ ৬০.০৭ ২০১৮-১৯
লিটন দাস ১৪ ৭৫২ ৫৩.৭১ ২০১৬-১৭
নাজমুল হোসেন ১৬ ৭৪৯ ৫৭.৬১ ২০১৭-১৮
ঢাকা প্রিমিয়ার লিগ
২০১৮-১৯
সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান ম্যাচ রান গড় সর্বোচ্চ ১০০/৫০
সাইফ হাসান ১৬ ৮১৪ ৬২.৬১ ১৪৮* ৩/৪
মোহাম্মদ নাঈম ১৬ ৮০৭ ৫৩.৮০ ১৩৬ ৩/৫
রকিবুল হাসান ১৬ ৭৮১ ৬০.০৭র ১০২ ১/৮
জহুরুল ইসলাম ১৫ ৭৩৫ ৫৬.৫৩ ১৩০ ৩/৩
ফজলে রাব্বি ১৩ ৬০৩ ৭৫.৩৭ ১৪৯* ৩/২
সেরাবোলার
বোলার ম্যাচ উইকেট গড় সেরা ৪ উইকেট
ফরহাদ রেজা ১৬ ৩৮ ১৬.৩৯ ৫/৪০ ৪
মোহাম্মদ শহীদ ১৫ ২৭ ২১.০৩ ৪/২২ ২
সাইফউদ্দিন ১৩ ২৫ ১৯.৮৪ ৫/৯ ২
