‘গ্রেনেড হামলার ঘটনা আগে থেকেই জানতেন খালেদা’

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২১:১৩
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা জবানবন্দীতে বলেছেন এই হামলার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুরো ঘটনাটি আগে থেকেই জানতেন। এই ঘৃণ্যতম ঘটনার পরবর্তীতে তদন্তও করতে দেননি বেগম জিয়া। এমনকি যারা সরাসরি হামলা করেছিলো তাদের নিরাপদে পালিয়ে যাওয়ার পরিবেশও তিনি করে দিয়েছিলেন। সুতরাং তাকে বিচারের আওতায় আনার দাবি জানাই।
 
তারেক রহমানের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
দীপু মনি বলেন, এই হামলার মধ্য দিয়ে তত্কালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের চিরতরে শেষ করে দেওয়াই ছিলো মূল লক্ষ্য। আর এই মূল পরিকল্পনাটি করেছিলেন তারেক জিয়া সুতরাং আমরা তার ফাঁসির দাবি জানাই। 
 
তিনি আরো বলেন, খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রীই ছিলেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব ছিলো তা তিনি পালন করেননি। তিনি তার উল্টোটা করেছিলেন। মামলাতো করতে দেনইনি বরং মামলার সকল আলামত নষ্ট করে দিয়েছিলেন। কী নিষ্ঠুরতা দেখুন, এরকম একটি হামলার পর আহতদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে দেওয়া হয়নি। 
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা এই মামলার বিচার পেয়েছি পুরোপুরিভাবে খুশি হতে পারিনি। বিচার সম্পূর্ণভাবে তখনই হবে যখন মামলার মূল পরিকল্পনাকারীর ফাঁসি হবে এবং বেগম খালেদা জিয়াকে মামলার আওতায় আনা হবে। 
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, যতক্ষণ পর্যন্ত গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসির হুকুম না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে।  
 
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। এছাড়া মানববন্ধন কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
 
ইত্তেফাক/জেডএইচ