পীরগাছায় ভুয়া ডিবি আটক

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২১:৫৪
রংপুরের পীরগাছায় বাবু মিয়া (২৮) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
জানা গেছে, উপজেলার অনন্তরাম গ্রামের আউয়াল মিয়ার ছেলে বাবু মিয়া (২৮) নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একই উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই সুবাদে শহিদুল ইসলাম ও তার মেয়ের নিকট থেকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। 
 
গত বুধবার বিকালে আবারও টাকার জন্য শহিদুলের বাড়িতে বাবু মিয়া উপস্থিত হয়। এ সময় বাবু মিয়ার ডিবি পুলিশ পরিচয়ের বিষয়টি সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
 
থানা পুলিশ গিয়ে তাকে আটক করে। এ সময় তিনি ভুয়া ডিবি পুলিশের পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এ ব্যাপারে শহিদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
 
পীরগাছা থানার এসআই আনোয়ার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাবু মিয়া মোটর সাইকেল চুরি সিন্ডিকেট চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/নূহু