স্পোর্টস রিপোর্টার
প্রথমে কথা ছিলো, এই মৌসুমের নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। পরে পিছিয়ে মার্চ মাসে নেওয়া হয়েছিলো তারিখ; কিন্তু ছেলেদের প্রিমিয়ার লিগ ও মাঠ সংকটের কারণে দুই দফাই লিগ পেছাতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে ২০১৮-১৯ মৌসুমের নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ।
এবারের প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে ১০টি দল। দলগুলো হলো— আবাহনী লিমিটেড, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, কলাবাগান ক্রীড়াচক্র, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), গুলশান ইয়থ ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রিকেট দল, কেরানীগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমি এবং শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি।
লিগের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে বিকেএসপির তিনটি ভেন্যুতে। আজ লিগের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। আবাহনী খেলবে শেখ রাসেলের বিপক্ষে। মোহামেডানের খেলা আনসার ও ভিডিপির বিপক্ষে এবং রূপালী ব্যাংক খেলবে কেরানীগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে।
