স্পোর্টস রিপোর্টার
জাতীয় ফুটবল দলের কোচ নতুন চাকরির আমন্ত্রণ পেয়ে ঢাকায় ফিরবেন কি না তা নিয়ে ক্ষাণিকটা শঙ্কা রয়েছে। তবে বাফুফে জানিয়েছে জেমি ডে খুব শিঘ্রই ফিরে আসবেন এবং জাতীয় দলের অনুশীলনও শুরু করবেন।
অন্য একটি সূত্রের দাবি জেমি নতুন চাকরির আমন্ত্রণ নিয়ে ভাবছেন। আর বাফুফের সূত্রের দাবি জেমিকে আগামী দুই ম্যাচ পর্যন্ত দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের খেলা আগামী ৬ ও ১১ জুন লাওসের বিপক্ষে অনুষ্ঠিত হবে। সেই দুইটি ম্যাচ পর্যন্ত জেমিকে দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হয়েছে বলে বাফুফের সূত্রের দাবি।
বাফুফের টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পল স্মলি বলছিলেন জেমি খুব হতাশ। কি কারণে হতাশ তা নিয়ে জেমি বলেন, ‘জেমি তার পরিবার সন্তানদের দূরে রেখে থাকতে হচ্ছে। এটা তার জন্য হতাশার।’
জেমি আসবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠলে পল স্মলি বলেন, ‘আসবে। তার সঙ্গে চুক্তি হয়ে গেলে আসবে।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জেমির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ছে। কর পরিশোধের বিষয়টি নিয়েও মিটমাট হয়ে যাচ্ছে।
