নোয়াখালীতে খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৪৬

নোয়াখালী প্রতিনিধি

জেলা শহরসহ নয়টি উপজেলায় খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার ও গতকাল বুধবার জেলা শহর মাইজদী ও নোয়াখালী পৌরসভা প্রধান সড়কের পাশে খালের উপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ শুরু করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌরবাজার থেকে দক্ষিণমুখী ছাগলমারা ও দত্তের খালের উপর ৩০-৩৫টি পাকা-আধাপাকা ভবন ও দোকানপাটের স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় জেলা পুলিশ, নোয়াখালী পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন বিভাগ এ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করে। এর আগে সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় খালের উপর বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসক তন্ময় দাস জানান, প্রাথমিকভাবে জেলার খালের উপর স্থাপনা নির্মাণকারী ৩ হাজার ৯৫৫টি অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। এর মধ্যে শহর ও সদর উপজেলায় ১১২টি স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে আরো অবৈধ দখলদারদের তালিকা করা হবে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হবে। দ্রুত এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের কাছে ২৪ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এ বরাদ্দ ফেলে অবৈধ স্থাপনা উচ্ছেদের গতি আরো বাড়বে। এতে করে আগামী বর্ষা মৌসুম জেলার জলাবদ্ধতা অনেকাংশে নিরসন হবে এবং খালগুলো প্রাণ ফিরে পাবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাল দখল করে বাসাবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করায় প্রতি বছর জেলাব্যাপী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ব্যাপক ফসলহানি, কোটি কোটি টাকায় নির্মিত রাস্তাঘাট ও অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বেড়েছে জনদুর্ভোগ।