বিশেষায়িত হাসপাতালে মইনুল হোসেনের কেন চিকিত্সা নয় :হাইকোর্ট

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:৪৩

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে কেন চিকিত্সা সেবা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, আইজি প্রিজন্সকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থার বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। মইনুল হোসেনের শারীরিক অবস্থার উপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিবেদন এবং তার আইনজীবীদের দাখিলকৃত চিকিত্সা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে ২৯ নভেম্বরের মধ্যে আদালতে ওই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাসুদ রানা।

মইনুল হোসেনকে বিশেষায়িত হাসপাতালে চিকিত্সা সেবা প্রদানের নির্দেশনা চেয়ে গত ৬ নভেম্বর তার স্ত্রী সাজু হোসেন হাইকোর্টে রিট করেন।