চবিতে মাদকদ্রব্য প্রতিরোধে সচেতনতা বিষয়ে সেমিনার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৪৬

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতা বৃৃদ্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার চবি এ কে খান আইন অনুষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখারউদ্দিন চৌধুরী বলেন, মাদক একটি সামাজিক অভিশাপ। যুব সমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার। মাদকের রাহুগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে দরকার সামাজিক সচেতনতা। তাই সমাজকে মাদকমুক্ত করতে হলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।

সম্মানিত অতিথি হিসেবে সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগের পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, বিশ্ববিদ্যালয় তরুণদের এ সময়টা কাজে লাগাতে হবে। এ সময় যদি তারা নেশায় মত্ত থাকে তাহলে তাদের জীবন ধ্বংস।

চবি আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।