লাউয়াছড়ায় ঝোঁপ থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৪১

 শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় রাস্তার পাশে ঝোঁপ থেকে একদিনের নবজাতক এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টায় শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় চিকিত্সা দেওয়ার পর শিশুটি সুস্থ হয়ে ওঠে।

বন বিভাগসূত্রে জানা যায়, বুধবার ভোরে টহলের সময় বনপ্রহরী ঋষি বড়ুয়া ও মো. ইব্রাহিম মিয়া জানকিছড়া বনের রাস্তার পাশে একটি ঝোঁপ  থেকে হঠাত্ করে একটি শিশু বাচ্চার কান্না শুনতে পেয়ে সেখানে ভিড় করেন। এসময় ঝোঁপের মধ্যে একটি পলিথিনের ব্যাগে মোড়ানো নবজাতক শিশুটিকে দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত্ হোসেন বলেন, উদ্ধারকৃত শিশুটি জন্ম পরবর্তী সঠিক সেবা পায়নি। শিশুটিকে হাসপাতালের লেবার রুমে চিকিত্সা দেওয়া হচ্ছে। এখনো শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালের গাইনি শিশু কনসালটেন্টের অধীনে শিশুটির চিকিত্সা চলছে। তবে শিশুটি অনেকটাই ঝুঁকিমুক্ত আছে বলে তিনি উল্লেখ করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ উপ-পরিদর্শক সৈয়দ বেলায়েত হোসেন জানান, চিকিত্সা শেষে শিশুটিকে মৌলভীবাজার জজ আদালতে হস্তান্তর করা হবে। সেখান থেকে যে কেউ চাইলে শিশুটিকে আইনানুগ পদ্ধতিতে দত্তক নিতে পারবেন।