চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষ তিনজন আটক

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৪৮

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। গতকাল বুধবার নগরীর আগ্রাবাদ সরকারি কার্যভবন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে গুলির শব্দ পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর আগে গত মঙ্গলবারও একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেন, হামলাকারীরা একটি রাজনৈতিক দলের চট্টগ্রামের প্রভাবশালী নেতাদের নাম উল্লেখ করে স্লোগান দিতে দিতে দোকানপাট ভাংচুর করে। তবে পুলিশ তাদের কাউকে গ্রেফতার করেনি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ জানান, বুধবার দুপুরের দিকে দরপত্রের ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  উল্লেখ্য, দরপত্রের দখল নিয়ে আগ্রাবাদ সরকারি কার্যভবনে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি পুলিশ ওই এলাকা থেকে ১৫ জনকে আটক করে। আটক ব্যক্তিরা নিজেদেরকে নগর আওয়ামী লীগের দুইজন শীর্ষ নেতার অনুসারী বলে দাবি করে।