ওসমানীনগরে যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৪৮

 ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের দুই পার্শ্বে যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করে এসব প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের জরিমানা করা হয়।

গতকাল বুধবার দুপুর থেকে বিকাল ৩টা পর্যন্ত মহাসড়কের এ অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান। এসময় আদিল এন্ড নাবিল গ্যাস হাউসকে ৫ হাজার টাকা, ফারজানা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, ঝুমা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, টিটু এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, এনআরবি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মের্সাস ইস্টার্ন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও আলামিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে মহাসড়কের ওসমানীনগর থানার সামন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালা করা হয়।

এসময় মোটরসাইকেল চালকদের হেলমেট ও লাইসেন্স না থাকা, কাগজপত্রে ত্রুটিসহ ছোটবড় প্রায় ১০টি যানবাহন থেকে ৭ হাজার দুই শত টাকা জরিমানা আদায় করেন। পৃথক ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাসলিম। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে।