দুদক কমিশনার
চট্টগ্রাম অফিস
দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. মোজাম্মেল হক খান বলেছেন, দুর্নীতি যারা করে তারা পরিবারের জন্য অশান্তি ডেকে আনে। ঘুষ দুর্নীতির টাকা সংসারে আসলে শান্তি হয় না। দুদকের জালে আটকা পড়লে বের হওয়া কষ্ট, নিজের এবং পরিবারের উভয়ের সমস্যা সৃষ্টি হয়। এজন্য যারা দুর্নীতি করে তাদের আমরা সকলেই ঘৃণা করবো।
গতকাল বুধবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম মহানগর, জেলা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দুদক কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, দুদকের মামলা ক্যান্সারের মত, সহজে ছাড়ে না। আমাদের উদ্দেশ্য কাউকে বিপদে ফেলা না। দেশের স্বার্থে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে অনিয়ম, দুর্নীতি দূর করতে হবে। তিনি আরো বলেন, এই দেশকে আমরা ভালোবাসি, সোনার বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি শতভাগ বন্ধ করতে হবে। দুদকের বিভাগীয় পরিচালক মো. আবদুল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
