কাশ্মিরে ভারতীয় বাহিনীর যৌথ অভিযানে ৬ জঙ্গি ও এক সেনা নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:৪৪

কাশ্মিরে ভারতীয় বাহিনীর যৌথ অভিযানে ৬ জঙ্গি ও এক সেনা নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় এই অভিযান চালানো হয়। জঙ্গিদের পাল্টা গুলিতে নিহত হয়েছে এক সেনা। ছয় জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি বলে জানিয়েছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার

জঙ্গি দমনে সব মিলিয়ে গত এক সপ্তাহে ভারতীয় সেনার আক্রমণে মারা গেল ১৬ জঙ্গি যা সামপ্রতিককালের হিসেবে বেশ বড়সড় ঘটনা বলেই দাবি করেছে কাশ্মিরের পুলিশ। সোপিয়ানের বাটগুন্ড গ্রামের একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে সশস্ত্র জঙ্গিদের একটি দল। গোয়েন্দাদের কাছ থেকে এই খবর পাওয়ার পর গতকাল ভোর রাত থেকে সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং কাশ্মির পুলিশের যৌথ বাহিনী। সকালের মধ্যেই ঘিরে ফেলা হয় সেই বাড়ি। সেনাদের উপস্থিতি টের পেতেই বাড়ির ভেতর থেকে ভারতীয় বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া হয় ভারতীয় সেনার পক্ষ থেকেও। প্রায় তিন ঘন্টা ধরে চলে গুলির লড়াই।