সিকদার মোহাম্মদ জাকারিয়া
সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের পারিপার্শ্বিক সকল কিছুই পরিবর্তিত হচ্ছে। আমরা গাছপালা কেটে, বনবাদাড় উজাড় করে অট্টালিকা তৈরি করছি। কিন্তু কিছুদিন না যেতেই আলোবাতাসহীন সেই খুপরি অ্যাপার্টমেন্টে আমরা হাঁপিয়ে উঠি। আমরা ফিরে যেতে চাই অরণ্য ও সবুজের সমারোহে। তাই নিজের আঙ্গিনা সাজাতে আমরা এখন গাছপালাকেই বেছে নিচ্ছি। বাসার ছাদে, বারান্দার গ্রিলে, জানালার গ্রিলে আমরা টব বেঁধে ফুল, ফল, শাক-সবজির বীজ বুনছি। এতে একদিকে সবুজায়ন হচ্ছে আবার অন্যদিকে সৌন্দর্যও বৃদ্ধি পাচ্ছে।
আমরা ছাদে, বারান্দার গ্রিলে, জানালার গ্রিলে টবে বিভিন্ন গাছপালা রোপণ করি। কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা আমাদের এ বিষয়ে ভাবতে বাধ্য করছে। যেহেতু ঝড়-বৃষ্টির দিন তাই প্রচুর বাতাস প্রবাহিত হয়। আর এই বাতাসের প্রভাবে ছাদ থেকে টবগুলো নিচে পড়ে যায়। ফলে তা নিচে চলাচলরত মানুষজনের উপর পড়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত দেশে প্রচুর ঝড় বয়ে যায়। ফলে এই সময়ে সূর্য প্রচণ্ড তাপ ছড়ায়। এতে ভূপৃষ্ঠ গরম হয়ে যায়। পশ্চিম দিক থেকে আরব সাগরের শুষ্ক বাতাসের সঙ্গে দক্ষিণ দিকের বঙ্গোপসাগরের শীতল বাতাস মিলে কালবৈশাখী ঝড় সৃষ্টি করে। এই কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রচুর বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়। যা জানমালের হুমকির কারণ হয়ে দাঁড়ায়।
ঝড়ের সময় বাতাসের কারণে আমাদের ছাদে বা বারান্দায় রাখা টবগুলো নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক। অনেক ছাদের রেলিং না থাকার কারণে সহজেই তা পড়ার সম্ভাবনা থাকে। অনেকে শুধু টবগুলো ছাদের কার্নিশে রেখে দেয়। যা অনেক বিপজ্জনক।
ধরুন ঝড়ের আগে বাতাস শুরু হয়েছে। আপনি দৌড়ে বাসার দিকে যাচ্ছেন। হঠাত্ আপনার বাসার একটি টব আপনার মাথায় পড়লো। কী হবে ব্যাপারটা? এটা যে শুধু আপনার মাথায় পড়বে তা নয়। এই অপরিকল্পিত নগরীতে যে-কোনো পথচারীর মৃত্যুর কারণ হতে পারে।
আমাদের ছাদের রেলিংগুলোতে ছোট দেয়াল করা যায় যাতে টবগুলো আটকে থাকে। টবগুলো ছাদের ভিতরে রাখতে পারি। এতে বাইরের রেলিংয়ের জন্যে টবগুলো আটকে থাকবে। বারান্দায় টবগুলো গ্রিলের ভিতরে রাখলে সেগুলো পড়ার সম্ভাবনা কম থাকবে।
আমাদের অবশ্যই টবগুলো পরিষ্কার রাখা উচিত। যাতে এ থেকে মশা উত্পন্ন না হতে পারে। আর টবে পানি দেওয়ার সময় সচতন হওয়া জরুরি। কারণ এমন দুর্ঘটনা প্রায়ই দেখা যায়। টবগুলোর মাঝে ফাঁকা রাখলে টবের অতিরিক্ত পানি নিচে পড়ে শুকিয়ে যায়। এতে ছাদ ভিজা থাকবে না। টবগুলো ফাঁকা জায়গায় রাখলে তা অবশ্যই বেঁধে রাখা উত্তম।
মানুষ স্বভাবতই সৌন্দর্য প্রিয়। তবে লক্ষ্য রাখা প্রয়োজন নিজের সুখ অন্যের জন্যে ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। সকল ক্ষেত্রে আমাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত।
n লেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
